• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানি নারী ফুটবল দলের ২ সদস্যকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক    ১১ মার্চ ২০২৬, ১০:৪৯ এ.এম.
ইরানি নারী ফুটবল দলের সদস্যরা-ছবি: সংগৃহীত

ইরানের নারী ফুটবল দলের আরও দুই সদস্যকে মানবিক ভিসার মাধ্যমে রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে দলটির মোট সাতজন সদস্য দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছেন।

বুধবার (১১ মার্চ) অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্ক এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ইরানি নারী ফুটবল দলের খেলোয়াড় মোহাদ্দেসে জোলফি এবং সাপোর্ট স্টাফ জোহরা সুলতান মেশকেহ কারকে মানবিক বিবেচনায় অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার একই দলের পাঁচ সদস্য-ফাতেমেহ পাসান্দিদেহ, জোহরা ঘানবারি, জোহরা সারবালি, আতেফে রামাজানজাদেহ এবং মোনা হামুদি-মানবিক ভিসা পান। ফলে এখন পর্যন্ত ইরানের নারী ফুটবল দলের সাতজন সদস্য অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেন।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে অনুষ্ঠিত এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান কয়েকজন নারী ফুটবলার। এই ঘটনার পর থেকেই তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাদের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দেওয়া হয় এবং কঠোর শাস্তির দাবি তোলা হয়। এতে আশঙ্কা তৈরি হয় যে, তারা দেশে ফিরলে গুরুতর বিপদের মুখে পড়তে পারেন।

এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্ক জানান, সিডনি বিমানবন্দরে পৌঁছানোর পর অস্ট্রেলীয় পুলিশ খেলোয়াড়দের তাদের সঙ্গে থাকা সরকারি তত্ত্বাবধায়কদের (মাইন্ডার) কাছ থেকে আলাদা করে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ দেয়।

সেই সময় তাদের অস্ট্রেলিয়ায় আশ্রয় নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে দলের অন্য কয়েকজন খেলোয়াড় শেষ পর্যন্ত ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যারা অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দ্রুত স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক সংবাদ সম্মেলনে বলেন, অস্ট্রেলিয়ার মানুষ এই সাহসী নারীদের পরিস্থিতিতে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ‘এই নারীরা এখানে নিরাপদ। তারা চাইলে অস্ট্রেলিয়াকে নিজেদের নতুন ঘর হিসেবে গড়ে তুলতে পারেন।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝড় তুলে ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড
ঝড় তুলে ফাইনালে ভারতের বিশ্বরেকর্ড
ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল
ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল
দুই হারের পর জয়ে ফিরল রিয়াল
দুই হারের পর জয়ে ফিরল রিয়াল