হরমুজ প্রণালি বন্ধ হলে বিশ্বজুড়ে বাড়তে পারে খাদ্যমূল্য: আঙ্কটাড

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়বে স্বল্প আয়ের মানুষের ওপর।
মঙ্গলবার (১১ মার্চ) এক বিশ্লেষণী প্রতিবেদনে প্রকাশিত আঙ্কটাডের এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হয় বা বন্ধ হয়ে যায়, তবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। এর ফলে জ্বালানি, সার এবং পরিবহন ব্যয় বেড়ে গিয়ে খাদ্যের দামও বাড়তে পারে।
সংস্থাটির মতে, হরমুজ প্রণালি বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছাতে এই পথটির ওপর ব্যাপকভাবে নির্ভর করা হয়। আঙ্কটাডের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৮ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
এ ছাড়া বিশ্বের মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের প্রায় ২৯ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ১৯ শতাংশও এই জলপথ ব্যবহার করে বিভিন্ন দেশে পৌঁছে থাকে। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, যার প্রভাব পড়বে খাদ্য উৎপাদন ও পরিবহনে।
খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও হরমুজ প্রণালির গুরুত্ব রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আঙ্কটাড জানিয়েছে, জাহাজযোগে বিশ্বে যে পরিমাণ সার সরবরাহ করা হয়, তার প্রায় এক-তৃতীয়াংশই এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে এশিয়া অঞ্চলে। কারণ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত পণ্যের প্রায় ৮৪ শতাংশই এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছে থাকে। ফলে এই অঞ্চলে জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে বেশি।
সূত্র : আল-জাজিরা
ভিওডি বাংলা/জা







