সারিয়াকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষ্যে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম ও ফায়ার স্টেশন মাস্টার সুজন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রেড ক্রিসেন্টের ভলেন্টিয়াররা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে দুর্যোগ সম্পর্কে সচেতন হতে হবে এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন লাগলে কীভাবে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার প্রাথমিক পদ্ধতি সম্পর্কে উপস্থিতদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার, আগুন লাগলে করণীয় এবং দ্রুত উদ্ধার তৎপরতার বিভিন্ন দিক তুলে ধরেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (ডিডিএম), সারিয়াকান্দি, বগুড়া এ কর্মসূচির আয়োজন করে।
ভিওডি বাংলা/জাহিদুল ইসলাম/আ







