বিপুল অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

রাজধানীর আদাবর ও সিরাজগঞ্জের সলঙ্গায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় পাবনার অন্যতম অস্ত্র ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীর এবং তার সহযোগী রকিব রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে সর্বমোট ১২টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গুলি এবং দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব-১২-এর একটি আভিযানিক দল সোমবার (৯ মার্চ) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। সেখান থেকে মো. রকিব রানা (৫৫) নামের এক সন্ত্রাসীকে একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪টি লং রাইফেল, ৫টি একনলা বন্দুক, ম্যাগাজিনসহ ২টি ১২ বোর শর্টগান এবং ২টি খালি ম্যাগাজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া ২৯৮টি রাইফেলের গুলি, ৫০০টি শর্টগানের কার্তুজ এবং ৯৯টি পিস্তলের গুলিসহ সর্বমোট ৮৯৭ রাউন্ড গোলাবারুদ জব্দ করে র্যাব।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত রকিবকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। সেখান থেকে পাবনার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী মো. আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে (৪৫) আরও একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এই দুই সন্ত্রাসীর অপরাধের আমলনামা সম্পর্কে র্যাব জানায়, তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে রকিব রানার বিরুদ্ধে পাবনা সদর থানায় হত্যা, প্রতারণা ও চেক জালিয়াতিসহ ৩টি মামলা এবং শুটার আলমগীরের বিরুদ্ধে একই থানায় অস্ত্র ও হত্যাসহ মোট ৫টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
ভিওডি বাংলা/ইসমাইল







