সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহ্বান দুদুর

বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে তাই সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহবান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দীর্ঘ ১৮–২০ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নির্যাতন, গুম, মামলা ও হামলার শিকার হতে হয়েছে গণতন্ত্রপন্থীদের। তবে খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে এবং ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বুকের রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর এক রেস্টুরেন্টে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ এখন অনেক চ্যালেঞ্জের মুখে রয়েছে। অতীতে সরকার ব্যাংক খাতকে ব্যাপকভাবে লুটপাট করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। গত দুই বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার ব্যাপারে প্রত্যাশা ছিল।
তিনি বলেন, বিশ্বব্যাপী পরিচিত ব্যক্তি মুহাম্মদ ইউনূস এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু সেই অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস হয়ে গিয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে দখলদারিত্ব প্রতিষ্ঠা হয়েছিল। সেই আইনের শাসন ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে এবং বিভিন্ন সংগঠন ত্যাগ স্বীকার করেছে, তাদের সজাগ থাকতে হবে এবং পরস্পরের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, কারণ ষড়যন্ত্র শেষ হয়ে গেছে—এ কথা বলা যাবে না।
দুদু বলেন, বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তাদের হারানোর কিছু নেই।
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে।
শামসুজ্জামান দুদু বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে এবং শুধু মুসলিম উপাসনালয় নয়, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই সিদ্ধান্তের অংশীদার হবেন। একইভাবে কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে সরকার সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে এবং ফ্যামিলি কার্ডধারীদের হিসাবে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।
সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সমর্থন বজায় রাখবে।
তিনি বলেন, অস্থির হওয়া যাবে না। এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থেকে সরকারের পাশে থাকতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।
ভিওডি বাংলা/সবুজ







