ইরানকে ঘিরে সৌদি-পাকিস্তান জরুরি নিরাপত্তা বৈঠক

ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ও পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির জরুরি বৈঠক করেছেন।
শনিবার (৭ মার্চ) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ‘সৌদি আরবের বিরুদ্ধে ইরানের আগ্রাসন’ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা চুক্তির আওতায় অনুষ্ঠিত হয়।
দুই দেশের পক্ষই আশা প্রকাশ করেছে, “ইরান বিচক্ষণতা ও যুক্তির পথে এগিয়ে আসবে এবং ভুল হিসাব-নিকাশ থেকে বিরত থাকবে।”
এর আগে, পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইঙ্গিত দিয়েছিলেন, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির দায়বদ্ধতার কারণে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে পাকিস্তানকে জড়াতে হতে পারে।
গত বছরের ১৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত ওই চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তি গঠন। চুক্তি স্বাক্ষরের সময় উভয় দেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছিল। এটি সেই প্রেক্ষাপটে হয়েছে, যখন কাতারের রাজধানীতে ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
ইরান ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল। ২০২৪ সালের জানুয়ারিতে সীমান্তবর্তী অঞ্চলে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছিল। এখন আলোচনার মুখে প্রশ্ন দাঁড়িয়েছে, ইসলামাবাদ কূটনৈতিক ভারসাম্য রক্ষা করবে না কি সামরিকভাবে জড়াবে।
ভিওডি বাংলা/এমএস







