আজকের স্বর্ণের বাজারদর

দেশের বাজারে নতুন করে বড় ধরনের পতন দেখা গেছে স্বর্ণ ও রুপার দামে। সর্বশেষ সমন্বয়ের পর এক ভরিতে উল্লেখযোগ্য পরিমাণে কমেছে দুই মূল্যবান ধাতুর দাম।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৬ মার্চ) থেকে দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে নতুন নির্ধারিত দামে।
গত বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম কমানো হয়েছে ৯ হাজার ২১৪ টাকা এবং রুপার দাম কমানো হয়েছে ৬৪১ টাকা। নতুন দাম কার্যকর হয়েছে বুধবার সকাল ১০টা থেকে।
নতুন দরে বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায়।
এর আগে গত মঙ্গলবার (৩ মার্চ) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৩ বার কমানো হয়েছে। অন্যদিকে ২০২৫ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার—এর মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৫৩২ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।
ভিওডি বাংলা/এমএস







