শর্ত দিয়ে যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স

ইরানে হামলা না করার শর্তে ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহার করতে অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সের সামরিক বাহিনী।
ফরাসি সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন সামরিক সহায়তামূলক বিমানগুলোকে ফ্রান্সের ইস্ত্রেস বিমান ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, এসব বিমান ইরানে হামলায় অংশ নেবে না। এ বিষয়ে পূর্ণ নিশ্চয়তা পাওয়া গেছে।
ফ্রান্সের সামরিক সদর দপ্তরের তথ্যমতে, অপারেশনাল সহায়তা প্রদানকারী মার্কিন বিমান (যুদ্ধবিমান নয়) ঘাঁটিতে অবতরণের অনুমতি পেয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে ফরাসি শর্ত অনুযায়ী, বিমানগুলো শুধু অঞ্চলের অংশীদারদের প্রতিরক্ষায় সহায়তা করবে এবং কোনো আক্রমণে অংশ নেবে না।
এদিকে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার (৪ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। মস্কো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি এমনভাবে তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত তাদের স্বার্থে আরব দেশগুলোকে যুদ্ধে টানার চেষ্টা করছে।
ভিওডি বাংলা/আ







