দেয়াল ভেঙে দোকানে চুরি, ২২০ ভরি স্বর্ণ-রুপা লুট

রাজধানীর খিলগাঁওয়ে একটি জুয়েলারী দোকানের দেয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই দোকান থেকে ৭০ ভরি সোনা ১৫০ ভরি রুপা ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।
বুধবার (৪ মার্চ) রাতে উত্তর গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার ‘আশিকে রাসুল জুয়েলার্স’ নামের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দোকানের মালিক চুরির বিষয়টি জানতে পারেন। ও্ই দোকানের পাশের হোমিওপ্যাথি দোকানের ভেতর দিয়ে দেয়াল ভেঙে জুয়েলার্সে ঢুকে চুরি করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দোকান থেকে ৭০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে মালিকপক্ষ। এছাড়া নগদ ১ লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। চুরির ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
জুয়েলার্সের দোকান মালিক আমিরুল ইসলাম মনা ও তার ছোট ভাই জানান, চুরি হয়েছে প্রায় ৭০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রুপা এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা। পাশাপাশি দোকানের সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। এলাকাবাসী দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/আরকেএইচ







