• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুর্নীতির বিষয়ে কোনো আপস হবে না: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ০৬:০০ পি.এম.
শহিদনগর শ্মশানঘাট-এ বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

দুর্নীতির বিষয়ে কোনো আপস হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)–এর প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম বরদাশত করা হবে না। ১০০ টাকার কাজ ১০০ টাকাতেই করতে হবে। কেউ নির্ধারিত টাকার চেয়ে বেশি নিলে তার টেন্ডার বাতিল করা হবে।

বুধবার (৪ মার্চ) রাজধানীর অঞ্চল-৩-এর শহিদনগর শ্মশানঘাট-এ বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের কল্যাণে যা যা করা দরকার, সবই করা হবে। তিনি এলাকার উন্নয়নে অঙ্গীকারের কথা উল্লেখ করে সহযোগিতা কামনা করেন।

প্রশাসক জানান, বর্তমানে প্রধানমন্ত্রী তাকে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসনের দায়িত্ব দিয়েছেন। ভবিষ্যতে জনগণ যদি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব দেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। 

আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত খোঁজখবর নিচ্ছেন-কোথায় মশা বেড়েছে, কোথায় কমেছে।

সামনে বর্ষা মৌসুম আসছে। বৃষ্টি হলেই পানি জমে যায়, কারণ অনেক খাল-বিল ভরাট হয়ে গেছে এবং আন্ডারগ্রাউন্ড ড্রেনগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এদিকে যথাযথ নজর দেওয়া হয়নি। 

অর্থ ব্যয়ের অনিয়মের প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের তহবিল প্রায় শূন্য করে দেওয়া হয়েছে। এ মাসে কর্মচারীদের বেতন দেওয়ার মতো অর্থও নেই। আইনি প্রক্রিয়ায় অন্য ফান্ড থেকে অর্থ এনে বেতন পরিশোধ করতে হচ্ছে।

প্রায় ৭০০ কোটি টাকার অগ্রিম ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু কাজের অগ্রগতি নেই। এমন একটি পরিস্থিতিতে সিটি কর্পোরেশনকে রেখে যাওয়া হয়েছে তিনি জানান।

তারপরও ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পুরান ঢাকা আমাদের আদি ঢাকা। আমরা চাই দক্ষিণ সিটির মধ্যে পুরান ঢাকাই সবচেয়ে উন্নত হোক। এখানে রাস্তার লাইট ঠিকমতো জ্বলবে, বর্জ্য নিয়মিত পরিষ্কার হবে এবং মশা নিয়ন্ত্রণে থাকবে-এটাই আমাদের লক্ষ্য।

এছাড়া এক মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রত্যেক এলাকায় দলের প্রতিনিধি নির্ধারণ করা হবে, যারা দেখবেন ড্রেন পরিষ্কার হয়েছে কি না, আবর্জনা অপসারণ হয়েছে কি না এবং মশক নিধন কার্যক্রম সঠিকভাবে চলছে কি না।   

তিনি বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণকে সিটি কর্পোরেশনের কর্মচারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ঢাকা শহর বাংলাদেশের মুখ। সারা পৃথিবী থেকে মানুষ এলে ঢাকা দেখেই দেশের অবস্থা বোঝা যায়। তাই ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ‘ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা’ কর্মসূচির কথা বলেছেন। এ লক্ষ্যে গাছ লাগানো ও শহর পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিতে হবে।

দলের নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারও ব্যবসা নেই, কারও ঘরবাড়ি নেই, কেউ পঙ্গু হয়ে গেছেন। তাদের বিষয়েও দায়িত্ব নেওয়া প্রয়োজন। তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের যেমন ভাতা দেওয়া হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

এছাড়াও তিনি কবরস্থান ও শ্মশানে ডিএসসিসির রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকা থেকে ৫০ শতাংশ কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করেন।

সবশেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এক মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ জন কর্মী অংশ নেন। তারা খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কারের পাশাপাশি মশার ওষুধ প্রয়োগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক র‍্যালিও অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/জা  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ঈদযাত্রা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: মন্ত্রী
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: মন্ত্রী
অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের
অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের