মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

ঢাকায় দুই দিনের সরকারি সফরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর তিনি দিল্লি হয়ে ঢাকায় আগমন করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।
সূত্র জানায়, যদিও এই সফর রাজনৈতিক, তবুও ওয়াশিংটনের জন্য বাংলাদেশে সদ্য সই হওয়া বাণিজ্য চুক্তির বাস্তবায়নও অগ্রাধিকার হিসেবে থাকবে। এছাড়া সফরের সময় রাজনৈতিক বোঝাপড়া, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, এবং আঞ্চলিক ইস্যু—বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংকটও আলোচনার কেন্দ্রে থাকবে।
সফরসূচি অনুযায়ী, পল কাপুর বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপের পাশাপাশি সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজন করা ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন।
মার্কিন দূতাবাস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, পল কাপুরের এই সফরের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরের সময় তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে।
ভিওডি বাংলা/এমএস







