ড. ইউনূসের এসএসএফ নিরাপত্তা নিয়ে যে তথ্য জানালেন শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার পদত্যাগের পর এক বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা পেয়েছেন এবং এতে কোনো আইন ভঙ্গ হয়নি। মঙ্গলবার (৩ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম পোস্টে লিখেছেন, “এসএসএফের প্রক্রিয়াগত প্রয়োজনের কারণে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হয়েছে, কারণ আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া এসএসএফ কোনো সাবেক সরকারপ্রধানকে নিরাপত্তা দেয় না।” তিনি আরও উল্লেখ করেছেন, “এ বিষয়টিকে অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই।”
তার দাবির পক্ষে ২০০১ সালে দায়িত্ব ছাড়ার আগে তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের প্রশাসন থেকে জারি করা একই ধরনের একটি আদেশের কপি তিনি পোস্ট করেছেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে জারি করা এক গেজেটে তৎকালীন ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’ বা ভিভিআইপি ঘোষণা করা হয়।
গেজেটে বলা হয়, “বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী এ মর্যাদা দেওয়া হয়েছে।” এর ফলে তিনি এক বছরের জন্য এসএসএফ নিরাপত্তা পাবেন।
আইনের ২(ক) ধারায় বলা হয়েছে, বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের পাশাপাশি সরকারি গেজেটে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ঘোষিত অন্য কোনো ব্যক্তিকেও ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে অন্তর্ভুক্ত করা যায়।
ভিওডি বাংলা/এমএস







