কেউ অভুক্ত ও অবহেলিত থাকবে না: এম এ মালিক

সিলেট মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডে খান বাড়ির উদ্যোগে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। তিনি বলেন, আজ যারা এই খাদ্যসামগ্রী নিচ্ছেন, এটিকে দান হিসেবে দেখার কোনো কারণ নেই-এটি তাদের ন্যায্য অধিকার। আমরা সম্মিলিতভাবে এমন একটি মানবিক সমাজ গড়তে চাই, যেখানে কেউ না খেয়ে থাকবে না এবং কেউ অবহেলার শিকার হবে না।
রোববার (১ মার্চ) দুপুর ১২টায় এম এ মালিক বলেন, আজ সিলেট মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডে, মরহুম হাজী তৈমুর খান বাদশাই সাহেবের সুযোগ্য সন্তান জনাব মো. শাহেদ খান স্বপন এর উদ্যোগে অসহায় ও দারিদ্র্য পরিবারের মাঝে যে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে-এটি সত্যিই প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ।
পবিত্র রমজান মাস আমাদেরকে সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ক্ষুধার কষ্ট অনুভব করে যেন আমরা গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াই-এই শিক্ষাই রমজানের মূল বার্তা। আজকের এই আয়োজন সেই শিক্ষার বাস্তব প্রতিফলন।
শুধু রমজানেই নয়, সারা বছর যেন আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি-এই আহ্বান জানাই। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের প্রতিও আমার আহ্বান থাকবে-আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে এগিয়ে আসুন।
আমি সিলেট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে সবসময় চেষ্টা করছি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাজ করতে। তবে উন্নয়ন তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রত্যেকটি মানুষ নিরাপদ ও স্বস্তিতে জীবনযাপন করতে পারে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি এ ধরনের ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আসুন, আমরা সবাই মিলে মরহুম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকি।
মো. শাহেদ খান স্বপন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ পরিবারবর্গের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/জা







