• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভূমিসেবার নির্ধারিত ফি সাইনবোর্ডে টাঙানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি ভূমি অফিসে সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে দালালের দৌরাত্ম্য থেকে বাঁচাতে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

দেশের প্রতিটি ভূমি অফিসে ভূমি বার সরকার নির্ধারিত ফি স্পষ্টভাবে তুলে ধরতে অফিসে দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডের মাধ্যমে টাঙানোর জন্য নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সার্কেল ভূমি অফিস এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত সেবামূল্য সম্বলিত স্থায়ী সাইনবোর্ড প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে। 

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ভূমি অফিসে চার ফুট বাই আড়াই ফুট আকারের একটি স্থায়ী সাইনবোর্ড টাঙাতে হবে। যেখানে সুনির্দিষ্টভাবে প্রতিটি সেবার জন্য নির্ধারিত ফি’র তথ্য উল্লেখ থাকবে। এর ফলে সেবাগ্রহীতারা সহজেই জানতে পারবেন কোন কাজের জন্য কত টাকা দিতে হবে। 

এসব ভূমিসেবা ফি দেশের সব উপজেলা, সার্কেল ভূমি অফিস, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে টাঙানোর জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে ভূমি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ভূমিসেবার ফি এখন থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই কোনো কর্মকর্তা বা কর্মচারী নগদ টাকা গ্রহণ করতে পারবেন না। নাগরিকদের প্রতি মন্ত্রণালয়ের অনুরোধ-যেকোনো সেবার বিনিময়ে নগদ লেনদেন থেকে বিরত থাকুন।

মৌজা ম্যাপের প্রতি সিটের জন্য ৫৪৫ টাকা। ডাকযোগে নিলে অতিরিক্ত ১১০ টাকা ডাকমাশুল পরিশোধ করতে হবে। নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয় বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে মন্ত্রণালয় একটি সার্বক্ষণিক হেল্পলাইন নম্বরও চালু করেছে। যদি কোনো ভূমি অফিসে নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা দাবি করা হয়, তবে তাৎক্ষণিকভাবে ১৬১২২ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর জন্য নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। 

ভূমি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত এই তালিকা ছাড়া অন্য কোনো নামে বা বেনামে কোনো ফি গ্রহণ করা আইনত দণ্ডনীয়। সেবা প্রক্রিয়ায় শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করতেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকরা। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজেই রাস্তায় নেমেছি, অপরাধীদের ছাড় নেই: আইজিপি
নিজেই রাস্তায় নেমেছি, অপরাধীদের ছাড় নেই: আইজিপি
ঈদে নিরাপদ নৌযাত্রায় ২৬ সিদ্ধান্ত, কড়াকড়ি নজরদারির ঘোষণা
ঈদে নিরাপদ নৌযাত্রায় ২৬ সিদ্ধান্ত, কড়াকড়ি নজরদারির ঘোষণা
সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৬ পদে রদবদল
সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আরও ৬ পদে রদবদল