• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ এ.এম.
ছবি: সংগৃহীত

অফিসে উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী, কর্মদিবসে সকাল ৯টার মধ্যে দপ্তরে উপস্থিত না হলে কিংবা সময়ের আগে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৫ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত ওই আদেশে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুসরণে কঠোরতা আরোপের কথা উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহ প্রযোজ্য। উক্ত বিধিমালার আওতায় বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা এবং বিলম্বে অফিসে উপস্থিত হওয়াকে অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, সকল কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না।

পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিস সময় বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারিত রয়েছে। রমজান পরবর্তী সময়ে অফিস চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের আগে দপ্তর ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান-যুগ্মসচিব বা সলিসিটরের অনুমতি গ্রহণ করতে হবে।

এছাড়া, অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি দিতে হবে এবং একই সঙ্গে ডিজিটাল হাজিরা নিশ্চিত করে অফিস ত্যাগ করতে হবে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, উপরোক্ত নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কেউ বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকলে, অনুমতি ছাড়া অফিস ত্যাগ করলে কিংবা দেরিতে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা গেলে দাপ্তরিক কার্যক্রমে গতি আসবে এবং জনসেবামূলক কাজ আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। নতুন এই নির্দেশনার ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ আরও জোরদার হবে বলেও আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিরোধী শিবিরের ষড়যন্ত্রের শিকার সেতু মন্ত্রী
বিরোধী শিবিরের ষড়যন্ত্রের শিকার সেতু মন্ত্রী
একযোগে ৯ সচিবের নিয়োগ বাতিল
একযোগে ৯ সচিবের নিয়োগ বাতিল
পৃথক প্রজ্ঞাপনে তিন সচিব প্রত্যাহার
পৃথক প্রজ্ঞাপনে তিন সচিব প্রত্যাহার