বড় পর্দায় অভিষেক স্নিগ্ধা চৌধুরীর

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। ২০১৮ সালে মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। বিলবোর্ড ও র্যাম্প শো দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এবার নাম লিখিয়েছেন বড় পর্দার অভিনয়ে। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার অভিনীত প্রথম সিনেমা ‘প্রেশার কুকার’।
সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সম্প্রতি পোস্টার প্রকাশের মাধ্যমে নির্মাতা ঘোষণা দিয়েছেন, ঈদেই সিনেমাটি মুক্তি পাবে। এই ছবির মাধ্যমেই দর্শকের সামনে আসার অপেক্ষায় রয়েছেন স্নিগ্ধা।
সিনেমায় যুক্ত হওয়ার প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, “দেড় বছর আগে রায়হান রাফি আমাকে গল্পটি শোনান। চারটি মেয়েকে কেন্দ্র করে নির্মিত গল্পটি শুনে ভীষণ ভালো লেগেছিল। তাই রাজি হয়ে যাই। এরপর টানা এক মাস গ্রুমিং করেছি।”

অভিনেত্রী জানান, দেশের চারটি অঞ্চল থেকে স্বপ্ন নিয়ে ঢাকায় আসা চার তরুণীর জীবনসংগ্রাম, নির্যাতন-অপব্যবহারের অভিজ্ঞতা, ভালোবাসা, পেশাগত চ্যালেঞ্জ—সবকিছু নিয়েই গড়ে উঠেছে সিনেমার গল্প। এ প্রসঙ্গে স্নিগ্ধা বলেন, “আমার বিশ্বাস, মফস্বল থেকে ঢাকায় আসা অনেক মেয়েই এ গল্পের সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন। আমি সবসময় নারীর ক্ষমতায়নের পক্ষে। আমার প্রথম সিনেমাটি ঈদে মুক্তি পাচ্ছে—এটি আমার জন্য বড় প্রাপ্তি। আগে ঈদ মানেই কেনাকাটা আর পোশাকের উচ্ছ্বাস ছিল, এবার পুরো মনোযোগ সিনেমার মুক্তি ঘিরে।”
সিনেমা নিয়ে নিজের স্বপ্নের কথাও জানান তিনি। স্নিগ্ধা বলেন, “অনেকে বলেন দেশে নায়িকা সংকট আছে। আমরা নতুনরা যদি নিয়মিত কাজ না করি, তাহলে সে সংকট কীভাবে দূর হবে? আমার বিশ্বাস, প্রতিষ্ঠিত শিল্পীরা নতুনদের স্বাগত জানাবেন। দর্শক আমাকে কীভাবে গ্রহণ করেন, সেটিই এখন দেখার অপেক্ষা। আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। ‘প্রেশার কুকার’ মুক্তির পর সেগুলোতে মনোযোগ দেব।”
ইমপ্রেস টেলিফিল্ম ও কাকন ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত প্রমুখ। বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশন চলছে। আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে।
ভিওডি বাংলা/আ







