• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পি.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ মন্তব্য করেছেন। সর্বোচ্চ আদালত তার শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করার পর তিনি এই রায়কে “হাস্যকর” উল্লেখ করেন এবং বিচারকদের “লজ্জা হওয়া উচিত” বলেও মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা আমাদের গ্রহণযোগ্য এবং সঠিক শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের নিজেদের জন্য লজ্জা হওয়া উচিত। তাদের সিদ্ধান্ত হাস্যকর ছিল। এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং আমরা আগের চেয়ে আরও বেশি অর্থ আয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমি কিছু আদালতের বিচারপতির জন্য লজ্জিত, কারণ তারা আমাদের দেশের জন্য যা সঠিক— তা করার সাহস দেখায়নি। তাদের রায়ে দেশপ্রেম এবং সংবিধানের প্রতি বিশ্বস্ততার গুরুতর অভাব রয়েছে। এরা কট্টর বামপন্থি ডেমোক্র্যাটদের মতো আচরণ করছে।”

ট্রাম্প তার প্রশাসনের শুল্ক আরোপের পদ্ধতি প্রসঙ্গে জানান, “শুল্ক আরোপের সময় আমরা অত্যন্ত বিনয়ীভাবে প্রতিটি দেশের সঙ্গে আলোচনা করেছি। আমাদের প্রশাসন আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করার কোনো কাজ করেনি।”

শুল্কনীতির কার্যকারিতা তুলে ধরে ট্রাম্প বলেন, “আমার শাসনের এক বছরের ব্যবধানে শুল্ক যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করেছে। শেয়ার বাজারও চাঙা হয়েছে; ডিওডব্লিউ ৫ হাজার এবং এস অ্যান্ড পি ৭ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। শুল্ক আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করেছে এবং শক্তিশালী সীমান্তের সঙ্গে মিলিত হয়ে ফেন্টানাইলের আগমন ৩০ শতাংশ কমিয়েছে।”

গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জন ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করেছেন। ট্রাম্প উল্লেখ করেছেন, “আমাদের সব শুল্ক বহাল আছে, তবে আদালত ভুলভাবে আমাদের শুল্কনীতি প্রত্যাখ্যান করেছে। তাই এখন অন্যান্য বিকল্পগুলো ব্যবহার করতে হবে।”

সূত্র: এএফপি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিশরে ট্রাক-যাত্রীবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ১৮
মিশরে ট্রাক-যাত্রীবাহী পিকআপের সংঘর্ষ, নিহত ১৮
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১২ যুদ্ধজাহাজ, আসছে বিশ্বের বৃহত্তম রণতরী
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১২ যুদ্ধজাহাজ, আসছে বিশ্বের বৃহত্তম রণতরী
ট্রাম্পের আল্টিমেটামের পর পাল্টা হুমকি ইরানের
ট্রাম্পের আল্টিমেটামের পর পাল্টা হুমকি ইরানের