• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার শিক্ষাকে খরচ নয়, বিনিয়োগ হিসেবে দেখবে: শিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পি.এম.
শিক্ষা প্রতিমন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষার নীতিমালা ও বাজেট বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন-ছবি-ভিওডি বাংলা

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার আর শিক্ষাকে শুধুমাত্র খরচের খাত হিসেবে দেখবে না, বরং এটিকে জাতি-গঠনের প্রধান প্রকল্প ও রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে উন্নীত করবে। মানবসম্পদের মূল কারখানা হিসেবে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে জানান, “আমাদের লক্ষ্য শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, শিক্ষা খাতে জিডিপির ৪-৬ শতাংশ এবং সরকারি ব্যয়ের ১৫-২০ শতাংশ বরাদ্দ দেওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, শুধু বাজেট বৃদ্ধি নয়, বরাদ্দের গুণগত মান উন্নত করা হবে। “উন্নয়ন বাজেটের একটি বড় অংশ বছরের শেষে হঠাৎ খরচ হয়। এ সমস্যা সমাধান করতে হবে। আমাদের লক্ষ্য হলো শিক্ষক প্রশিক্ষণ, প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব, ডিজিটাল কনটেন্ট ও মূল্যায়ন সক্ষমতা বৃদ্ধি করা,” প্রতিমন্ত্রী জানান।

শিক্ষা প্রযুক্তিতে আধুনিকীকরণের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। ওয়ান টিচার, ওয়ান ট্যাব পদ্ধতিতে শিক্ষণ প্রক্রিয়া ডিজিটালাইজ করা হবে। প্রতিমন্ত্রী বলেন, “এটাকে শুধু গ্যাজেট প্রজেক্ট বানাবো না, বরং শিক্ষণ-শেখার অপারেটিং সিস্টেম হিসেবে কার্যকর করব। ফ্রি ওয়াই-ফাই ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে।”

ভাষা শিক্ষার ক্ষেত্রেও পরিবর্তন আনা হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি হবে, যা আন্তর্জাতিক চাহিদা ও শ্রমবাজারে সহায়ক হবে।

মাধ্যমিক পর্যায় থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীদের শুধুমাত্র সনদ নয়, সক্ষমতা ভিত্তিক শিক্ষা দেওয়াই সরকারের লক্ষ্য। প্রতিমন্ত্রী জানান, স্কুলগুলোকে ইনোভেশন স্পেস হিসেবে গড়ে তোলা হবে।

ববি হাজ্জাজের মতে, শিক্ষা খাতের উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি এবং জাতির দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানে কলেজে দীর্ঘ ছুটি শুরু
রমজানে কলেজে দীর্ঘ ছুটি শুরু
রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি
ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি