চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক

দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার উদ্যোগে চতুর্থ শ্রেণি থেকেই স্কুল শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, দেশের সকল বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ফুটবল, ক্রিকেটসহ পাঁচটি ক্রীড়া বিষয় বাধ্যতামূলক করা হবে। বর্তমানে বাংলাদেশে অধিকাংশ স্কুলে ক্রীড়া শিক্ষক নেই। ফলে শিক্ষার্থীরা ক্রীড়া শিক্ষা ও শারীরিক শিক্ষা নিয়ে হাতে-কলমে কোনো সুযোগ পাচ্ছে না। বছরের মাত্র কয়েক মাস (জানুয়ারি থেকে ফেব্রুয়ারি) ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এই সীমাবদ্ধতা দূর করতে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়া শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ ও ২, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিকেএসপি।
পরিকল্পনার অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে দেশের ৪৯৫টি উপজেলায় প্রতিটি পাঁচটি ক্রীড়া ডিসিপ্লিনের জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক ও একজন ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এই শিক্ষক ও কর্মকর্তারা সরকারি বেতনভুক্ত হবেন।
এছাড়া ১২-১৪ বছর বয়সী প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য চালু করা হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। এর মাধ্যমে তারা বিশেষ বৃত্তি পাবেন এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলাধুলায় সুযোগ পাবেন।
জানানো হয়েছে, চতুর্থ শ্রেণি থেকেই এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং ভবিষ্যতের ক্রীড়া তারকা গড়ে তুলবে। প্রতিমন্ত্রীর মতে, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও দলগত কৌশল উন্নয়নের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মানসিক দৃঢ়তা ও স্বাস্থ্যও বৃদ্ধি পাবে।
আমিনুল হক নিশ্চিত করেছেন, সরকার উচ্চমানের ক্রীড়া শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক ও প্রশিক্ষক নিযুক্তি, প্রশিক্ষণ এবং বৃত্তি প্রদানের মাধ্যমে সকল উদ্যোগ বাস্তবায়ন করবে।
ভিওডি বাংলা/জা







