প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব পেয়েছেন হাবিবুল বাশার

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-এর দুই বছরের চুক্তি আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি আর দায়িত্ব নিতে ইচ্ছুক নন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ই-মেইলে জানিয়েছেন।
এ পরিস্থিতিতে নতুন প্রধান নির্বাচক হিসেবে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন-এর নাম বিবেচনায় এনেছে বিসিবি। বিষয়টি নিয়ে সুমন গণমাধ্যমকে বলেন, “হ্যাঁ, বিসিবি থেকে আমি আজই প্রস্তাব পেয়েছি। তবে একটু সময় নিয়েছি ভেবে দেখার জন্য।”
হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ বছর বাংলাদেশের পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান। বিসিবি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনতে চায়।
বর্তমানে হাবিবুল বাশার বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন।
ভিওডি বাংলা/এমএস







