• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নকল, প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নকল, প্রশ্নফাঁস আর ফিরে আসবে না বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘ অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল; এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে বার্তায় এহসানুল হক মিলন বলেন, ‘ব্যাকডেটেড’ শিক্ষাব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ-আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে, তার জবাবদিহি আমরা দেবো না। তবে আমার সময়ে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে।

বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সরকার অবগত আছে। সময় হলে সিদ্ধান্ত জানানো হবে।

এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি
ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ
টানা ৫ দিনের ছুটি ঘোষণা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে
টানা ৫ দিনের ছুটি ঘোষণা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে