ক্রীড়া প্রতিমন্ত্রী:
বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ, আইসিসির সঙ্গে বসে সমাধান হবে

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গত বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়। এবার নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে আলোচনা করা হবে।
গত নভেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তোলেন ১৬টি ক্লাবের কাউন্সিলর। তারা নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করে ঢাকার ৪৫টি ক্লাব, যা দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের অস্থিরতা তৈরি করে।
এরই মধ্যে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নতুন মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান সাবেক ফুটবলার আমিনুল হক। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ক্রিকেট বোর্ডের নির্বাচন ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন।
মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিসিবির নির্বাচন নিয়ে আগেও কথা বলেছেন এবং এখনও তার অবস্থান একই। তার ভাষায়, “ক্রিকেট বোর্ডের নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। বিষয়টি আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সম্পর্কিত। তাই আমরা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেব।”
তিনি আরও জানান, ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর বিধি-বিধান অনুসরণ করেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তাদের সঙ্গে বসে পর্যালোচনা ও আলোচনার পর বিস্তারিত মন্তব্য করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।
নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, একদিনে সব পরিবর্তন আনা সম্ভব নয়, তবে দীর্ঘমেয়াদি সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। খেলাধুলাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত না করার ওপর জোর দিয়ে তিনি বলেন, যারা সত্যিকার অর্থে খেলাকে ভালোবাসেন এবং স্পোর্টিং কমিউনিটির অংশ, তাদেরই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তার এই বক্তব্যে ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে-বিশেষ করে বিসিবির নির্বাচন ও প্রশাসনিক কাঠামো নিয়ে সম্ভাব্য সংস্কার প্রসঙ্গে।
ভিওডি বাংলা/জা







