• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর কাছে তারেক রহমানসহ নবনির্বাচিত এমপিরা শপথ নেন। সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।

শপথ গ্রহণের মধ্য দিয়ে আজকের গুরুত্বপূর্ণ দিনের সূচনা হয়। পবিত্র কোরআনের সূরা আন-নাহলের ৯১ নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। নিয়ম অনুযায়ী প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা, পরে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেন।

শপথ নেওয়ার পর এমপিরা নিয়ম অনুযায়ী শপথপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দেশি ও বিদেশি অসংখ্য আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেন। তবে ‘জুলাই সনদ’ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আজ আলাদাভাবে শপথ গ্রহণ করা হয়নি।

সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে নেতা নির্বাচিত করার পর সবার নজর এখন বিকেলে অনুষ্ঠিতব্য মূল শপথ অনুষ্ঠানের দিকে। আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন।

দীর্ঘ দুই দশক পর বিএনপির রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিহাসে প্রথমবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে বড় পরিসরের শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইতিমধ্যেই মন্ত্রিসভার প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছেন, যেখানে অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখও থাকতে পারেন।

শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে, যা নতুন নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ যাত্রার সূচনা করবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. খলিলুর রহমান
ইফতারের জন্য নেওয়া যাবে ২৫০ মিলি পানি
রমজানে নতুন সময়সূচিতে মেট্রোরেল: ইফতারের জন্য নেওয়া যাবে ২৫০ মিলি পানি
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল