ভিন্ন আঙ্গিকে আসছে ভালোবাসার পাঁচফোড়ন

ভালোবাসা দিবসের উৎসবকে আরও রঙিন করতে এবারের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও সারিকা সাবরিন। দীর্ঘ দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এটিএন বাংলায় প্রচারিত হওয়া এই অনুষ্ঠান প্রতি বছরের মতো এবারও দর্শককে বিশেষ অভিজ্ঞতা উপহার দেবে।
প্রতিবারের মতো এবারের ‘পাঁচফোড়ন’-এর কেন্দ্রবিন্দু একটি যুগল, যারা বাইরে ঘুরে নয়, বরং ঘরে বসেই ভালোবাসার দিনটি উদযাপন করছেন। আবদুন নূর সজল ও সারিকা সাবরিন তাদের চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে হৃদয়ঙ্গম মুহূর্ত তৈরি করবেন। তাদের আন্তরিক কথোপকথন, খুনসুটি এবং খেলাধুলার মধ্যে উঠে আসবে অনুষ্ঠানটির গান, নাচ এবং সমসাময়িক নানা প্রতিবেদন।

এবারের ‘পাঁচফোড়ন’-এ থাকছে দুটি বিশেষ গান। কবির বকুলের কথায় এবং শওকত আলী ইমনের সুর ও সংগীতে একটি একক গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। অন্যদিকে, মনিরুজ্জামান পলাশের লেখা গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কমল ও তানজিনা রুমা, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তুলবে।
দর্শকরা দেখতে পাবেন জনপ্রিয় ফোক গানের সঙ্গে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনা, যা সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরবে। এছাড়া বিশেষ প্রতিবেদনে যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজী মাওলানা ফারুক হোসেনের গল্প দেখানো হবে। ‘রস কাকা’ নামে সুপরিচিত এই ব্যক্তি যশোরের খেজুরের রসের হারানো ঐতিহ্য পুনরুজ্জীবিত করার জন্য এক অনন্য উদ্যোগ নিয়েছেন।
আরেকটি আকর্ষণীয় প্রতিবেদনে দেখা যাবে এক অদ্ভুত শিয়ালকে, যিনি ঝোপঝাড়ে নয়, বরং লোকালয়ে মানুষের সঙ্গে স্বাচ্ছন্দ্যে বসবাস করেন। নিশাচর প্রাণী হলেও দিনের আলোতে তার ঘুরে বেড়ানোর দৃশ্য দর্শকদের বিস্মিত করবে।
এর পাশাপাশি ভালোবাসা দিবসের আনন্দ আরও বাড়াতে নিয়মিত অভিনয়শিল্পীদের অংশগ্রহণে ছোটখাটো মজার নাটিকা থাকছে, যা অনুষ্ঠানটিকে হালকা মজা ও হাসির সঙ্গে উপভোগযোগ্য করে তুলবে।
‘পাঁচফোড়ন’-এর এই বিশেষ পর্ব প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি, শনিবার রাত ৮টা ৫ মিনিটে এটিএন বাংলায়। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ভিওডি বাংলা/জা







