মালয়েশিয়ায় জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

ভিওডি বাংলা রিপোর্ট
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হতো, যেখানে কাউকে শ্রমিক ভিসায় বিদেশ যেতে হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ড. আহমেদ বোরহান।
রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. বোরহান বলেন, জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ সোনার দেশে পরিণত হতো। দেশের উন্নয়নের কারণে বিদেশের মানুষ আমাদের দেশে কাজ করতে আসত। তবে ভাগ্যের নির্মম পরিহাস, আমরা সেই স্বপ্নদ্রষ্টাকে অসময়ে হারিয়েছি। তার অভাবেই আজ আমাদের সন্তানদের মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে শ্রমিক ভিসায় যেতে হয়।
মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা শহিদ উল্যাহ শহিদের সভাপতিত্বে ও মো. মেহেদি হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন-বিএনপি নেতা আলী হোসেন, কুয়ালালামপুর মহানগর বিএনপি নেতা শরীফুল ইসলাম শরীফ, যুবদল নেতা মোশারফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতারায়া শাখা বিএনপি সভাপতি লিটন আবাদ, সাধারণ সম্পাদক মো. দুলাল, চৌকিট শাখা বিএনপি উপদেষ্টা মিজানুর রহমান সুমন, সভাপতি জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক মো. সুমন, কেপং বিএনপি সভাপতি কামাল উদ্দিন রানা, সিনিয়র সহ-সভাপতি মো. আশরাফ, কেলাং বিএনপি সভাপতি মোখলেছ মিয়া, পাংসাপুরী শাখা সাধারণ সম্পাদক মো. পান্না, মসজিদ ইন্ডিয়া সভাপতি মো. উজ্জ্বল, সাধারণ সম্পাদক শামীমসহ তামিংজায়া, শ্রীমুদা, চেরাস, পোর্ট কেলাং, বাতু কেভস ও পুডু শাখা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।







