ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও মসৃণ: কমনওয়েলথ প্রতিনিধি দল

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও মসৃণভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান এবং ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো। তিনি আশা প্রকাশ করেন, সারা দেশেই একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সকাল সাতটা থেকেই কমনওয়েলথের পর্যবেক্ষক দল কেন্দ্রটিতে উপস্থিত থেকে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন নানা আকুফো-আড্ডো। প্রতিনিধি দলটি দিনভর রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের কেন্দ্র পরিদর্শন করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, অংশগ্রহণ ও পরিবেশ মূল্যায়ন করবে বলে জানানো হয়েছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স আইজাবস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে উল্লেখ করে তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সকাল সাড়ে ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই ভোটারদের কেন্দ্রে আসতে দেখা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল।
মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন-দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।
দেশ-বিদেশের পর্যবেক্ষকদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হওয়ায় সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, দিনব্যাপী এ ধারা অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/জা







