• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভোটগ্রহণ শুরু:

২৯৯ আসনে সংসদ নির্বাচন, সঙ্গে ঐতিহাসিক গণভোট

নিজস্ব প্রতিবেদক    ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ এ.এম.
সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে-ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত হচ্ছে সংবিধান সংস্কার ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে বহুল আলোচিত গণভোট, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি ও র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৫৮ হাজার সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১ লাখ ৮ হাজারের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত রয়েছেন, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে দেওয়া হয়েছে ২৫ হাজার ৭০০টি বডি-ওর্ন ক্যামেরা। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম দ্রুত জানাতে চালু রাখা হয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং জাতীয় হটলাইন নম্বর ‘৩৩৩’।

এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় ৩০০ আসনের পরিবর্তে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসী ব্যালট ইস্যু করা হয়েছে। এর মধ্যে ২ লাখ ৭০ হাজার ৩৮টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে, যা চূড়ান্ত গণনায় যুক্ত হবে। প্রবাসী ভোটারদের অংশগ্রহণকে নির্বাচন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

২০০৮ সালের পর এবারই সর্বোচ্চ ৫১টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। মোট ২ হাজার ২৯ জন প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। বহুদলীয় অংশগ্রহণে নির্বাচন প্রতিযোগিতামূলক রূপ পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিচ্ছেন ৩৯৪ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১৯৭ জন বিদেশি সাংবাদিক। পাশাপাশি ৫৫ হাজারের বেশি দেশীয় পর্যবেক্ষক ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক ও দেশীয় পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

গণভোটের কারণে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা শুরু হবে। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, সব প্রক্রিয়া সম্পন্ন করে ১৩ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি দেশের প্রথম সাধারণ নির্বাচন। দীর্ঘ সংস্কার প্রক্রিয়া শেষে অনুষ্ঠিত এই নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে এই নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ সংসদ নির্বাচন ও গণভোট: দুটি ব্যালট একই বাক্সে ফেলা যাবে
আজ সংসদ নির্বাচন ও গণভোট: দুটি ব্যালট একই বাক্সে ফেলা যাবে
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি
ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি
উৎকণ্ঠা ও উৎসবের ভোট আজ
উৎকণ্ঠা ও উৎসবের ভোট আজ