• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রুমিন ফারহানাকে সমর্থন দিলো জাতীয় পার্টি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচনী মাঠে উত্তাপ বাড়ার মধ্যেই ভয়ভীতি ও হুমকির অভিযোগ তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর দাবি, হাঁস প্রতীকের পক্ষে কাজ করায় নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, এমনকি রাতে বাসা থেকে ডেকে নিয়ে হুমকিও দেওয়া হচ্ছে।

সোমবার রাতে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নিজের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। তবে কারা এই হুমকির সঙ্গে জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি আলোচিত এই নারী প্রার্থী।

রুমিন ফারহানাকে এবারের নির্বাচনে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানাতেই জাতীয় পার্টির নেতাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানীসহ সরাইল ও আশুগঞ্জ উপজেলার জাতীয় পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, “আমার নেতাকর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে। রাতে ফোন করা হচ্ছে, অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে; বলা হচ্ছে কাজ করবা তো 'হাঁসের' সঙ্গে করো! ১২ তারিখের পর দেখব, এলাকায় থাকবা না- তখন দেখব। এটা এক ধরনের ভীতির পরিবেশ তৈরি করেছে। দ্বিতীয়ত হচ্ছে কালো টাকা। আমার কাছে তথ্য এসেছে বিএনপি সমর্থিত জোট প্রার্থী কয়েক কোটি টাকার বাজেট নিয়ে নেমেছেন। আগামী দুইদিন এগুলো বিলি-বিতরণ করা হবে। আশা করব প্রশাসন এগুলো খেয়াল রাখবে।”

জাতীয় পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেটা এতো আগে বলতে পারব না। আগে আমাকে নির্বাচন করতে হবে, জয়যুক্ত করতে হবে। তারপরে এই সিদ্ধান্ত। আপাতত আমাদের সকলে সামনে একটা বিরাট জাতীয় নির্বাচন ১২ তারিখে হতে যাচ্ছে। সেই নির্বাচনে যাতে কোনোভাবেই পেশীশক্তি, কালো টাকা, ভয়-ভীতি, হুমকি-ধামকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে যেন বঞ্চিত না হয়; ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, ফলাফল যেন ঠিকভাবে ঘোষণা করা হয়- সেটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

এর আগে একই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা ‘গ্রেপ্তারের হুমকি’ পাওয়ার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে ওই সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা এবারের নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রধান প্রতিপক্ষ হলেন বিএনপির জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, যার প্রতীক ‘খেঁজুর গাছ’।

ভিওডি বাংলা/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
দ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
তেল পাচার ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি
তেল পাচার ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি