শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর বিএনপি: রহমাতুল্লাহ

বিএনপি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কারিকর বিড়ি ফ্যাক্টরি ও আশপাশ এলাকায় বরিশাল সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় রহমাতুল্লাহ বলেন, বছরের পর বছর সাধারণ শ্রমিকরা রাজনৈতিকভাবে ব্যবহৃত হলেও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। দিনরাত পরিশ্রম করেও তারা প্রাপ্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত থেকেছে। অনেক শ্রমিক এখনও নিরাপদ বাসস্থান, পর্যাপ্ত চিকিৎসা ও ন্যায্য জীবনমান নিশ্চিত করতে পারেনি।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে শ্রমিকদের স্বাস্থ্য, বাসস্থান, বস্ত্র ও চিকিৎসা অধিকার নিশ্চিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ শ্রমিকরাও উন্নয়ন ও সুরক্ষার বাইরে থাকবে না।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. আল-আমিন হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম মিরাজ, ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহিদ হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড শ্রমিকদল নেতা মো. লিটন হাওলাদার, মো. রহিম হাওলাদার, করিম হাওলাদার, মাহিন্দ্র ও টেম্পু শ্রমিক দলের সহ-সভাপতি মো. আবুল কালাম কালু এবং কারিকর বিড়ি ফ্যাক্টরির শ্রমিক নেতা মো. নজরুল ইসলাম ও মো. মামুন, সেলিমসহ আরও অনেকে।
প্রসঙ্গত, এ সময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে শ্রমিকদের কাছে ভোট ও সমর্থন কামনা করেন।
ভিওডি বাংলা/জা







