নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ তোলেন।
মির্জা আব্বাস বলেন, “নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না। এরইমধ্যে অনেকগুলো অভিযোগ করেছি। কিন্তু একটারও রেস্পন্স পাইনি। এটা খুব দুর্ভাগ্যজনক।”
ঢাকা-৮ আসনের এই বিএনপি প্রার্থী আরও বলেন, “একটা বিশেষ দলের কথাবার্তা শুনে মনে হচ্ছে তারা নির্বাচন জিতে বসে আছে। এত বছর নির্বাচন করেছি, কিন্তু আমরা প্রেডিকশন করতে পারিনি যে আমরা জিতে গেছি, অথচ তারা পারে কীভাবে! জনগণ ঠিক করবে তারা কাকে ভোট দেবে। অংশগ্রহণমূলক নির্বাচন তো হচ্ছে, সঙ্গে পক্ষপাতিত্ব হচ্ছে। এই পক্ষপাতিত্ব খুব খারাপ। একটা ভুয়া ফলাফল নিয়ে তারা সংসদে যাবে? এটা তো হতে পারে না।”
তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “ভোটারদের অনুরোধ করব, তারা যেন সব চক্রান্তের জাল ছিঁড়ে, নির্বাচনের দিনে যথাযথভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে।”
ভিওডি বাংলা/এমএস







