সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ : সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির নীতি একটাই—‘সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ’। এ কারণেই বিএনপি বলছে, সবার আগে বাংলাদেশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ গঠনে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। সরকার হবে উন্নয়নের সরকার। ইনশাআল্লাহ, আগামীর সরকার হবে বিএনপির সরকার।’
তিনি আরও বলেন, আগামীর সরকার ন্যায়বিচারের ভিত্তিতে একটি সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে—যে স্বপ্ন দেখেছিলেন মুক্তিযোদ্ধারা এবং যা ছিল গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা।
এর আগে তিনি চকরিয়া মালুমঘাট এলাকায় চা-বাগান খ্রিস্টান সম্প্রদায়ের আয়োজনে আরেকটি নির্বাচনী পথসভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, ‘এ দেশে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান—এ ধরনের কোনো বিভাজন থাকবে না। সবার পরিচয় হবে বাংলাদেশি। আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজনে বিশ্বাস করিনি, করবও না।’
তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একজন নাগরিকের যে পরিচয়, সেটিই সাংবিধানিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশি পাসপোর্টেও সেটিই লেখা আছে।
ডুলহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই পথসভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এস এম মনজুর, অধ্যাপক ছাবের আহমদ, অধ্যাপক কুতুবউদ্দিন ও নাজেম উদ্দিন।
এছাড়া মালুমঘাট এলাকার চা-বাগান ব্যাপ্টিস্ট চার্চ মাঠে চার্চের পালক থিউপিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন যোসেফ অমূল্য রায়, মিন্টু দাশ, কাজল মল্লিক, বিএনপি নেতা মাস্টার আনোয়ার হোসাইন, অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী, মাস্টার আবদুল মালেক, গিয়াস উদ্দিন ও সাংবাদিক এম আর মাহবুব।
ভিওডি বাংলা/ আরিফ







