• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতে ২ সপ্তাহে মৃত্যু ৩০

আন্তর্জাতিক ডেস্ক    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ এ.এম.
জাপানে দুর্গম এলাকায় তুষারের স্তূপ ১৫ ফুট পর্যন্ত পৌঁছেছে। ছবি: সংগৃহীত

জাপানে অস্বাভাবিক ও টানা ভারী তুষারপাতে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চলীয় আওমোরি প্রদেশ।

নিহতদের মধ্যে রয়েছেন ৯১ বছর বয়সী এক বৃদ্ধা, যাঁর মরদেহ নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বাড়ির ছাদ থেকে ধসে পড়া তুষারের নিচে চাপা পড়ে শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়। মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচা পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি নিজেই তুষার পরিষ্কার করার চেষ্টা করছিলেন।

দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি শুরু হওয়া এই তীব্র তুষারপাতে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। মূলত জাপান সাগর উপকূলজুড়ে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ তুষার জমেছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত আওমোরি অঞ্চলে উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় সরকার আত্মরক্ষা বাহিনী মোতায়েন করেছে। দুর্গম কিছু এলাকায় এখনো ৪ দশমিক ৫ মিটার বা প্রায় ১৫ ফুট পর্যন্ত তুষার জমে রয়েছে, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মঙ্গলবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন। বৈঠকে তিনি তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে সোমবার আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা জানান, তুষার অপসারণ এবং একা বসবাসকারী বয়স্কদের সহায়তায় তিনি সামরিক বাহিনীর সহায়তা চেয়েছেন। তিনি বলেন, আঞ্চলিক রাজধানী আওমোরি শহরের অনেক এলাকায় প্রায় ১ দশমিক ৮ মিটার পর্যন্ত তুষার জমেছে। সড়ক ও বসতবাড়ি থেকে বরফ সরাতে হিমশিম খাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

গভর্নর আরও সতর্ক করে বলেন, অতিরিক্ত তুষারের চাপে ভবন ধসে পড়া কিংবা ছাদ থেকে বরফ পড়ে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। আবহাওয়া কিছুটা উষ্ণ হলে জমে থাকা তুষার হঠাৎ গলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প
পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে
রয়টার্সের রিপোর্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে
মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান
মাঝ আকাশ থেকে মহাসড়কে আছড়ে পড়লো বিমান