বগুড়া-২ আসন
মীর শাহে আলমের প্রার্থিতা বাতিলের আবেদন জামায়াতের

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মীর শাহে আলমের প্রার্থিতা বাতিলের আবেদন করেছে জামায়াতে ইসলামী।
সোমবার (২ ফেব্রুয়ারি) শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়েছে, মীর শাহে আলম হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি বর্তমানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর পরিচালক পদে রয়েছেন। কিন্তু মনোনয়নপত্রে এসব তথ্য গোপন করেছেন। এছাড়া উপজেলা এলাকার অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান, মাজার ও মসজিদ কমিটির সভাপতির দায়িত্বও তিনি প্রকাশ করেননি।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন। তিনি বলেন, ‘জামায়াত নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। শিবগঞ্জের মানুষ ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।’
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, ‘আইন অনুযায়ী এখন আর প্রার্থিতা বাতিলের সুযোগ নেই। এসব পদ থেকে প্রার্থী নিয়মিত বেতনভাতা পান না, তাই এটি অলাভজনক পদ। এতদিন পর অভিযোগ কেন?’
ভিওডি বাংলা/ আ







