ভোট কিনতে এলে আইনের হাতে তুলে দেবেন: জামায়াত আমির

বাংলাদেশের রাজনীতিতে তরুণদের ভূমিকা আরও জোরালো হচ্ছে—এমন এক প্রতিশ্রুতি দিয়ে সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় কথা বলেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপি মুক্ত একটি বাংলাদেশ গড়তে তরুণ সমাজ জেগে উঠেছে এবং তার প্রমাণ দেখা গেছে ডাকসু, চাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদের ভোটে। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের রায়ের মাধ্যমে দেশ নতুন পথ খুঁজে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “২৪ না হলে ২৬ পাওয়া যেত না। যারা এটিকে অস্বীকার করে, তাদের এই ২৬-এ লাল কার্ড দেখাতে হবে। আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আজাদী জেগে উঠেছে। জনতার মাঝে জেগে উঠেছে গণজোয়ার।”
তিনি আরও বলেন, ভোট কেনাবেচা প্রতিরোধে কঠোর অবস্থান নিতে হবে। “কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাদের আইনের হাতে তুলে দিতে হবে। আগে একটা স্লোগান ছিল, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। এবার তা হবে না; যে দুজন ভোট দিতে আসবে, তার হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।”
বিজয়ের আগে বিশ্রাম না নিতে নেতাকর্মীদের অনুরোধ করে তিনি বলেন, “বিগত সাড়ে ১৫ বছর আমরা সবাই মজলুম ছিলাম। কিন্তু ১৬ মাসের ব্যবধানে একটি দল চাঁদাবাজ হয়ে গেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে তাদের দুর্নীতির স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে যাবে।”
সমাবেশের সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহজাহান এবং উত্তর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ আমিরুজ্জামান।
ভিওডি বাংলা/এমএস







