• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিফ মাহমুদ

নির্দিষ্ট দলকে সুবিধা দিলে জবাব দেওয়া হবে

রংপুর প্রতিনিধি    ১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পি.এম.
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ ফেব্রুয়ারি যদি কোনো বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, তাহলে ১১ দলীয় জোট তার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘অমুক প্রধানমন্ত্রী হচ্ছে বা অমুক দল নির্বাচিত হচ্ছে—এ ধরনের পূর্বনির্ধারিত নির্বাচন আয়োজনের চেষ্টা হলে ১১ দলীয় জোট যেকোনো সময় যেকোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।’

আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে হত্যার ঘটনাও ঘটেছে। এসব পরিস্থিতি ১১ দলীয় জোট ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করছে, তবে এটিকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে তারা আগেও সন্দেহ প্রকাশ করেছেন। মাঠপর্যায়ে নির্বাচন কমিশন ও সরকারের নিয়ন্ত্রণ নির্বাচন আয়োজনের জন্য যতটা প্রয়োজন, তা এখন দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন তিনি।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত প্রকাশিত বিভিন্ন জরিপে ‘হ্যাঁ’ ভোটই স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। এর মাধ্যমে চলমান সংস্কার প্রক্রিয়া আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে বলে তারা বিশ্বাস করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ‘না’ ভোট ও গণভোট বর্জনের আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, “দিল্লির কোনো দলের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক নয়। যারা দিল্লির সঙ্গে আঁতাত করে রাজনীতি করে, তাদের বক্তব্যকে আমরা গুরুত্ব দিই না।”

মতবিনিময়কালে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বস্ত করেন, শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়নে ১১ দলীয় জোট কাজ করে যাবে।

পরে সংস্কার, সুশাসন, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট ও এনসিপি প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে রংপুরের কাউনিয়ায় পথসভা এবং পীরগাছায় জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
সুজানগরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আরও মৃত্যু ১, আটক ১২
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে সেচ সরঞ্জাম বিতরণ