নাছির উদ্দীন:
আইডি হ্যাকের আড়ালে জামায়াত আমির দেশকে বোকা বানাচ্ছেন

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক্স অ্যাকাউন্ট হ্যাকের আড়ালে দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ মন্তব্য করেন।
নাছির বলেন, “আল-জাজিরার সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান নারীদের হেয় করেছেন। আইডি হ্যাকের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। উনার আইডি নয়, মাথা হ্যাক হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, শফিকুর রহমান স্বচেতনভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের অবমাননা করেছেন এবং এ কারণে তার নির্বাচনী আসন ঢাকা-১৫-এর ভোটাররা ব্যালটের মাধ্যমে প্রতিক্রিয়া দেখাবেন।
সমাবেশ থেকে ছাত্রদল নেতারা জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। বিষয়টি প্রসঙ্গে, শনিবার বিকেলে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়।
পরে দলটির নির্বাচনী কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানান, বিকাল ৪টার দিকে হঠাৎ হ্যাক হয় অ্যাকাউন্টটি। ৪:৩০টার দিকে নারী অবমাননাকর পোস্টটি প্রকাশিত হয়। দলের সাইবার টিম বিকাল ৫টার পর অ্যাকাউন্ট পুনরায় নিয়ন্ত্রণে আনে।
বিতর্কিত পোস্ট দ্রুত সরিয়ে ফেলা হলেও, ইতোমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে অপপ্রচার শুরু হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







