• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রজ্ঞাপন জারি:

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে ব্যাংকগুলোকে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ২৭ জানুয়ারী ২০২৬, ১১:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা তৈরিতে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–১ থেকে সোমবার (২৬ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখার সামনে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবসমূহের ওপর অনুষ্ঠিতব্য গণভোট বিষয়ে জনসচেতনামূলক ব্যানার টানাতে হবে। এ লক্ষ্যে প্রতিটি শাখায় অন্তত দুটি খাড়া ব্যানার দৃশ্যমান ও দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে মৌখিকভাবে দেওয়া নির্দেশনা নিয়ে ব্যাংকগুলোর মধ্যে বিভ্রান্তি ও আপত্তি দেখা দেয়। একাধিক ব্যাংক দাবি করে, লিখিত নির্দেশনা ছাড়া তারা কোনো ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবে না। সেই প্রেক্ষাপটেই এবার আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে জারি করা নির্দেশনার আলোকে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবসমূহের ওপর গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরি করা প্রয়োজন। এ উদ্যোগের অংশ হিসেবে ব্যাংক শাখাগুলোকে ব্যানার প্রিন্ট ও প্রদর্শনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান। বৈঠকের পর কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক তাৎক্ষণিকভাবে নির্দেশনা বাস্তবায়ন শুরু করলেও অনেক ব্যাংক লিখিত নির্দেশনার অভাবে অপেক্ষায় ছিল।

গত সপ্তাহে রাজধানীর সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের একাধিক শাখায় গণভোটের পক্ষে প্রচারণামূলক ব্যানার চোখে পড়ে। এসব ব্যানারে লেখা ছিল-‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন। দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে?’

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে মোট ১২টি বিষয়ে জনসচেতনতা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এসব বিষয়ে নমুনা ব্যানারের ছবিও সংযুক্ত করা হয়েছে, যাতে সব ব্যাংক একই ধরনের বার্তা প্রচার করতে পারে।

প্রজ্ঞাপনে উল্লিখিত বিষয়গুলোর মধ্যে রয়েছে-সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু করা হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন এবং সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলের হাতে থাকবে।

এছাড়া, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না-মেয়াদ যতই হোক না কেন। সংসদে নারীদের প্রতিনিধিত্ব ধাপে ধাপে বাড়ানোর কথা বলা হয়েছে। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাব রয়েছে।

সংবিধান সংস্কারের প্রস্তাবনায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে। মৌলিক অধিকার সম্প্রসারণের কথা উল্লেখ করে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো অবস্থাতেই ইন্টারনেট সেবা বন্ধ করা যাবে না। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত কোনো অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না বলেও প্রস্তাবনায় উল্লেখ রয়েছে।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়টিও গণভোটের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে এখন থেকে সব ব্যাংকের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা কার্যক্রম পরিচালনা বাধ্যতামূলক হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে সরকারি উদ্যোগের পাশাপাশি আর্থিক খাতকেও গণভোট প্রচারণার অংশ করা হলো।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়
এপ্রিলের ২৯ দিনে ৩ বিলিয়ন ডলার ছাড়াল প্রবাসী আয়
বৈশ্বিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
বৈশ্বিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে জ্বালানির বাড়তি দাম
মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে জ্বালানির বাড়তি দাম