ক্যাচ মিস, আঙুল কেটে মাঠ ছাড়লেন তাইজুল–চোটে মিরাজও

ইনিংসের চতুর্থ বলেই অ্যান্ডি বালবির্নিকে আউট করে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে এরপর শুরু হয় ক্যাচ মিসের মহড়া। টানা তিন ওভারে সহজ তিনটি ক্যাচ ফসকে যায় টাইগারদের হাত থেকে।
চতুর্থ ওভারে জীবন পান পল স্টার্লিং। নাহিদ রানার বল ডিফেন্ড করতে গিয়ে তিনি ক্যাচ তুলে দেন সেকেন্ড স্লিপে। বল গ্লাভসে লাগলেও তালুবন্দি করতে ব্যর্থ হন সাদমান ইসলাম।
পরের ওভারেই আবার সুযোগ হাতছাড়া বাংলাদেশের। হাসান মাহমুদের বলে স্কয়ার লেগে পুল করেন কার্টিস ক্যাম্ফার। নিচু হয়ে ক্যাচটি নিতে গিয়েও ব্যর্থ হন তাইজুল ইসলাম। এসময় বলের আঘাতে ডান হাতের আঙুল কেটে গেলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
ষষ্ঠ ওভারে আবারও জীবন পান স্টার্লিং। নাহিদ রানার বল গালিতে ড্রাইভ করেন আইরিশ অধিনায়ক। ডাইভ দিয়ে ক্যাচ লুফে নিতে চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু সফল হননি। ক্যাচ মিসের পাশাপাশি আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনিও।
একই ম্যাচে দুই ফিল্ডারের মাঠ ছাড়ার ঘটনায় বাংলাদেশের ফিল্ডিং নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ভিওডি বাংলা/জা







