জর্ডানে নারী গার্মেন্টস কর্মী নিচ্ছে বোয়েসেল, বেতন ২২ হাজার

দক্ষ নারী গার্মেন্টস কর্মীদের জন্য জর্ডানে কাজের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির টাস্কার অ্যাপারেল প্রতিষ্ঠানে ১৩১ জন নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বোয়েসেল জানিয়েছে, সরকারিভাবে মহিলা কারখানার শ্রমিক পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পাশাপাশি আগামী ৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিত সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের প্লেইন মেশিন ও ওভারলক মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৩৫ বছর।
নির্বাচিত কর্মীরা মাসিক ২২ হাজার ৫০০ টাকা মূল বেতন পাবেন। প্রতিদিন ৮ ঘণ্টা এবং সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে। অতিরিক্ত কাজ করলে ওভারটাইম সুবিধাও দেওয়া হবে। প্রাথমিকভাবে চাকরির মেয়াদ তিন বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য।
এ ছাড়া আবাসন, খাবার, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়াও কোম্পানি বহন করবে।
বোয়েসেল জানায়, আগে জর্ডানের টাস্কার অ্যাপারেলে কর্মরত ছিলেন এমন ব্যক্তিরাই পুনরায় আবেদন করতে পারবেন। তবে দেশে কিংবা জর্ডানে কোনো মামলায় অভিযুক্ত ব্যক্তিদের নিয়োগের জন্য বিবেচনা করা হবে না। একাধিক পাসপোর্ট থাকলে সাক্ষাৎকারের সময় তা সঙ্গে আনতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফেরা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ-সংক্রান্ত বেশিরভাগ ব্যয় কোম্পানি বহন করবে বলেও জানিয়েছে বোয়েসেল। প্রার্থীদের কেবল মেডিকেল পরীক্ষার জন্য ১ হাজার টাকা এবং পিডিও প্রশিক্ষণ ও ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা খরচ করতে হবে। ভিসা অনুমোদনের পর জর্ডান যাত্রার আগে কোম্পানি এই অর্থ পরিশোধ করবে।
আগামী ৩ জুলাই শুক্রবার সকাল ৮টায় ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং প্রয়োজনীয় ফটোকপি সঙ্গে আনতে হবে। কোনো বায়োডাটা প্রয়োজন হবে না।
বোয়েসেল সতর্ক করে জানিয়েছে, তাদের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। তাই কাউকে নগদ অর্থ না দেওয়ার জন্য প্রার্থীদের অনুরোধ করা হয়েছে। পুরো নিয়োগ কার্যক্রম বোয়েসেল নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, অনলাইনে আবেদন করলেই সাক্ষাৎকার বা চাকরি নিশ্চিত হবে না। চূড়ান্ত নির্বাচনের জন্য প্রার্থীদের ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য