সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গঠন নয়, বরং কার্যকর বাস্তবায়ন, সমন্বয় এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (২১ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় অনুষ্ঠিত সড়ক নিরাপত্তাবিষয়ক এক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে যৌথ সভাপতিত্বকালে এ আহ্বান জানানো হয়।
অধিবেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘শুধু শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলাই যথেষ্ট নয়; সড়ক পরিবহন ব্যবস্থার প্রতিটি স্তরে সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, সড়ক নিরাপত্তা জোরদারে পরিবহন, স্বাস্থ্য, পুলিশ, অর্থ, শিক্ষা, পরিবেশ এবং স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয়, দায়িত্বের সুস্পষ্ট বণ্টন এবং নীতিমালা ও বাস্তবায়নের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করা জরুরি।
সেতুমন্ত্রী আরও বলেন, ‘স্থানীয় সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ সড়ক নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগকে অবশ্যই শক্তিশালী সরকারি নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং জবাবদিহিতার কাঠামোর আওতায় পরিচালিত হতে হবে।’
তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের পাশাপাশি কার্যকর বাস্তবায়ন ব্যবস্থাই টেকসই পরিবর্তন আনতে পারে।
উল্লেখ্য, জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য