• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একই সঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেল প্রাথমিকে বৃত্তি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি    ১৫ জুলাই ২০২৬, ০১:০৭ পি.এম.
তিন বোন—তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। ছবি: ভিওডি বাংলা
তিন বোন—তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। ছবি: ভিওডি বাংলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে সাফল্য অর্জন করে এলাকায় প্রশংসার নজির স্থাপন করেছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনই সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। একই পরিবারের তিন সন্তানের এমন অর্জনে আনন্দের আবহ তৈরি হয়েছে পরিবার, বিদ্যালয় ও স্থানীয়দের মধ্যে।

বৃত্তিপ্রাপ্ত তিন বোন হলেন- তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকার বাসিন্দা। তাদের বাবা রেজাউল করিম সরকার জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা শিল্পী খাতুন গৃহিণী।

পরিবারের সদস্যরা জানান, তিন বোনের জন্ম যেমন একসঙ্গে হয়েছে, তেমনি শৈশব থেকে তাদের বেড়ে ওঠা, খেলাধুলা ও পড়াশোনাও হয়েছে একই পরিবেশে। পড়াশোনার প্রতি তাদের আগ্রহ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাবই আজকের এই সাফল্যের অন্যতম ভিত্তি।

তিন বোনের বাবা রেজাউল করিম সরকার বলেন, “তাদের জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা সবই একসঙ্গে। ছোটবেলা থেকেই তারা পড়াশোনায় মনোযোগী। আমরা বাবা-মা হিসেবে সব সময় তাদের উৎসাহ দিয়েছি। তারা নিজেরাও নিয়মিত অধ্যয়ন করেছে এবং একে অপরকে সহযোগিতা করেছে। আল্লাহর রহমত, পরিবারের সমর্থন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও তাদের পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।”

জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন কেয়া বলেন, “তিন বোনই শুরু থেকেই মেধাবী, শৃঙ্খলাপরায়ণ ও বিনয়ী। তারা নিয়মিত লেখাপড়া করেছে এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমেও অংশ নিয়েছে। তাদের এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতেও তারা আরও ভালো ফল করবে বলে আমাদের বিশ্বাস।”

বর্তমানে তিন বোন জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ে অধ্যয়ন করছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, “প্রাথমিকের ধারাবাহিক সাফল্য তারা মাধ্যমিক পর্যায়েও ধরে রাখবে বলে আমরা আশাবাদী। তাদের মধ্যে শেখার আগ্রহ এবং দায়িত্ববোধ রয়েছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে।”

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “একই সঙ্গে জন্ম নেওয়া তিন বোনের একসঙ্গে প্রাথমিক বৃত্তি অর্জন সত্যিই ব্যতিক্রমী ও আনন্দের বিষয়। এটি অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝুলন্ত সেতু
বান্দরবানের সব পর্যটন কেন্দ্র খুলছে বৃহস্পতিবার
২৫ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু
২৫ ঘণ্টা পর রাজশাহীতে বাস চলাচল শুরু
ফাইল ছবি
এইচএসসির প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ