• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সড়ক-রেলে মেগা বিপ্লব, বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ০৫:৩৬ পি.এম.
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। ছবি: ভিওডি বাংলা
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। ছবি: ভিওডি বাংলা

দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সড়ক ও রেলপথ খাতে ব্যাপক বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। তিনি বলেছেন, এই বরাদ্দের আওতায় একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবহন খাতে নতুন যুগের সূচনা হবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য প্রায় ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৩০ হাজার ৭৪১ কোটি টাকা। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ১০৬টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের দীর্ঘমেয়াদি যোগাযোগ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার ৩ হাজার কিলোমিটার আধুনিক এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এসব এক্সপ্রেসওয়ে চালু হলে শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং পণ্য পরিবহনে গতি বাড়বে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।

রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকারের নেওয়া পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। হাবিবুর রশীদ বলেন, ঢাকার ভেতরে থাকা আন্তঃজেলা বাস টার্মিনালগুলো পর্যায়ক্রমে রাজধানীর বাইরে স্থানান্তর করা হবে। এতে নগরীর ভেতরের যানবাহনের চাপ কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি আরও বলেন, মেট্রোরেলের পাশাপাশি মনোরেল ব্যবস্থা চালুর বিষয়েও সরকার কাজ করছে। পাশাপাশি পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতে বৈদ্যুতিক যানবাহন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষ জনবল গড়ে তুলতে পাঁচ লাখ প্রশিক্ষিত চালক তৈরির কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।

রেলপথ খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নতুন অর্থবছরের বাজেটে রেলপথের জন্য প্রায় ৯ হাজার ৯৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ঢাকা-কুমিল্লা কর্ড লাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। এছাড়া রেলসেবাকে আধুনিক ও যাত্রীবান্ধব করতে প্রতিটি ট্রেনে ইন্টারনেট সুবিধা চালু, স্টেশনগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত এবং নতুন কোচ ও লোকোমোটিভ সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও বিস্তৃত ও কার্যকর করতে যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রেলকে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিবহন হিসেবে গড়ে তোলার উদ্যোগও চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নের লক্ষ্য সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।

তিনি বলেন, এই বাজেট কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; এটি আগামীর উন্নত বাংলাদেশের একটি বাস্তবভিত্তিক রূপরেখা। অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি, বিনিয়োগ ও কর্মসংস্থানের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা হবে।

বক্তব্যে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরেরও প্রশংসা করেন। তিনি বলেন, এসব সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

নিজ নির্বাচনী এলাকা ঢাকা-৯ এর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এখনও এলাকায় বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। কোথাও কোথাও বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। তবে ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে কাজ করছে সরকার।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৬ লাখ টাকা পর্যন্ত বেতন আয় করমুক্ত
ছবি: সংগৃহীত
চেক রিপাবলিক-স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান
ছবি: সংগৃহীত
বাজেটে ঘাটতি হওয়ার সুযোগ রাখা হয়নি : রবিউল আলম