ফিরবে খেলাধুলার পরিবেশ
বাংলাদেশ মাঠ আধুনিকায়ন হবে : আবদুস সালাম
পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই।
শুক্রবার ২৪ জুলাই বিকালে রাজধানীর বংশালে বাংলাদেশ মাঠে ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, একসময় বাংলাদেশ মাঠ থেকে ফুটবল ও ক্রিকেটের অনেক খেলোয়াড় উঠে এসেছেন। কিন্তু দীর্ঘদিন অবহেলায় মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়ায় মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে।
তিনি বলেন, পুরান ঢাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ মাঠকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। মাঠে ঘাস লাগানোসহ এটিকে একটি আধুনিক খেলার মাঠে রূপান্তরের চেষ্টা করা হবে।
মাঠে জালি দিয়ে বিভিন্ন অংশ বন্ধ করে দেওয়ার সমালোচনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, এতে মাঠের আয়তন কমেছে এবং সাধারণ ছেলে-মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, পুরান ঢাকায় একসময় ফুটবল, ক্রিকেট ও হকির সমৃদ্ধ ঐতিহ্য ছিল। বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, ঢাকা স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন ক্লাব নিয়মিত খেলাধুলা করত। তিনি নিজেও ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পাইওনিয়ার লীগ চালুর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান। তাঁর মতে, পাইওনিয়ার লীগ, সেকেন্ড ও থার্ড ডিভিশন লীগ আবারও শক্তিশালীভাবে চালু করতে হবে।
তিনি বলেন, একসময় ঢাকা স্টেডিয়ামে মোহামেডান-আবাহনীর খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় হতো। অথচ এখন মাঠে দর্শক নেই। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে নতুন প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে দেশের ক্রীড়াঙ্গন আবারও ঘুরে দাঁড়াতে পারবে।
ক্রিকেটের উন্নয়নের প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, বেগম খালেদা জিয়ার আমলে তাঁর ছেলে আরাফাত রহমানের উদ্যোগে দেশের ক্রিকেট আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যায়। সে সময়ের ক্রিকেটারদের অবদানের কথাও তিনি স্মরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ খেলাধুলাপ্রেমী হলেও দেশের ক্রীড়া অবকাঠামো ও পরিবেশ প্রত্যাশিত মানে উন্নীত করা যায়নি। তবে বাংলাদেশ মাঠের উন্নয়ন অবশ্যই হবে বলে তিনি আশ্বাস দেন।
বক্তব্যে তিনি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের নির্বাচিত হলে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ নগর জীবনের বিভিন্ন খাতে উন্নয়নে কাজ করবেন বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি জানান, আগামী ১ আগস্ট লালবাগ কেল্লাকে কেন্দ্র করে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নৌকাবাইচ, কাওয়ালি, ঘুড়ি উৎসব, ঐতিহ্যবাহী খেলাধুলা এবং পুরান ঢাকার সংস্কৃতিকে তুলে ধরার নানা আয়োজন থাকবে।
তিনি বলেন, ঢাকার ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে পর্যটনবান্ধব নানা উদ্যোগ নেওয়া হবে। বুড়িগঙ্গায় শতবর্ষী জাহাজে ভ্রমণ এবং নিবন্ধনের মাধ্যমে হেলিকপ্টারে ঢাকা মহানগরী দেখার ব্যবস্থাও রাখা হবে।
জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্দেশে আবদুস সালাম বলেন, নতুন প্রজন্মকে প্রশিক্ষণ ও উৎসাহ দেওয়ার দায়িত্ব তাঁদেরই নিতে হবে। তাহলেই দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বাংলাদেশে জাতীয় দলের সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিক, ক্রিকেটার এনামুল হক বিজয়, জনপ্রিয় অনলাইন পত্রিকা ভিওডি বাংলার ম্যানেজিং ডিরেক্টর ফয়সাল সালামসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও খেলায় অংশগ্রহণকারি ক্রিকেটাররা।
ভিওডি বাংলা/আর









মন্তব্য