দুর্নীতিতে জিরো টলারেন্স, দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অনিয়ম ও অসদাচরণের অভিযোগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন দুই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিভাগীয় মামলা নম্বর ২৫/২৫-এ রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। বর্তমানে তিনি পাবনার বেড়া উপজেলা সেটেলমেন্ট অফিসে কর্মরত ছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, বিভাগীয় মামলা নম্বর- ২৪/২৫-এ দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের রেকর্ড কিপার রেজভীন আখতারের বিরুদ্ধে আনা অভিযোগও তদন্তে সত্যতা পায়। এ ঘটনায় তাকে বেতন গ্রেডে এক ধাপ নিম্নে অবনমিত করার শাস্তি দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি সেবাকে আরও জনবান্ধব, হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য