রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন রেলমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২৩ জুন) মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর উপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নীচে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পদ্মা রেললিংক প্রকল্পের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বক্তব্য দেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পদ্মা রেললিংক প্রকল্পের আওতায় ধলেশ্বরী নদীর উপর রেলসেতুটি নির্মাণ করা হয়েছে। সেতু সংলগ্ন রেলওয়ের অব্যবহৃত জমিতে বৃক্ষ রোপণ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজরায় বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করেন। এর মাধ্যমে সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ শুরু হয়। এই কর্মসূচির আওতায় বাংলাদেশ রেলওয়ে তার নিজস্ব কর্মসূচি প্রণয়ন করে।
মঙ্গলবার সিরাজদিখানের চর গলগলিয়া মৌজার উপরিউক্ত স্থানে প্রাথমিকভাবে ১০০টি ফলদ, ১০০টি বনজ ও ৫০টি ওষধি (মোট ২৫০টি) গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ স্থানে রেলওয়ের মালিকানাধীন ১৮.৭০ একর জমিতে বৃক্ষ রোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ করা হবে।
আগামী ৫ বছরে বাংলাদেশ রেলওয়ে ২৪ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ১ লাখ ৬০ হাজার রোপণ করা হবে এ বছর।
ভিওডি বাংলা/এএইচ/আরআই/এফএ







