• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে র‌্যাবের অভিযান, তিন ব্যক্তিকে জরিমানা ৬ লাখ

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০১:০১ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর কদমতলী ও কেরাণীগঞ্জে র‌্যাবের পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যক্তিকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস এবং প্রায় ১ হাজার ৭৭৮ কেজি অবৈধ তামার তার জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ভেজাল, জালিয়াতি ও নকল পণ্যবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন ২০২৬) এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এবং র‌্যাব-১০-এর সহযোগিতায় ঢাকা মহানগরের কদমতলী থানার সবুজবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন নামী ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জের শাক্তা এলাকার বাসিন্দা মো. শাহিন রেজা (৪১) এবং কেরাণীগঞ্জ মডেল থানার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস আলীকে (৫৭) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ নকল খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

এদিকে পৃথক আরেকটি অভিযানে কদমতলীর পূর্ব জুরাইনের বাসিন্দা মো. তারেকুল ইসলামকে (৪৬) অবৈধভাবে তামার তার উৎপাদনের দায়ে একই আইনের আওতায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১ হাজার ৭৭৮ কেজি তামার তার জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, জনস্বার্থবিরোধী ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংস্থাটি ভোক্তা অধিকার সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪
পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক
পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক
মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল নিহত
মৌচাকে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক নেতা বিল্লাল নিহত