শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ডসংক্রান্ত বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউএনও মো. জিয়াউর রহমান জানান, শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর মৌজাতে প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত মানুষের তালিকা করা হয়েছে। তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলায় যাবেন বলে প্রাথমিক সম্মতি জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।
স্বচ্ছতার বিষয়ে জোর দিয়ে ইউএনও বলেন, তালিকাভুক্ত ১৮৪ জন উপকারভোগীর তথ্য অধিকতর যাচাই-বাছাই করতে উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো স্বাবলম্বী ব্যক্তির নাম ভুলবশত তালিকায় উঠে থাকলে, তা দ্রুত বাদ দেওয়া হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের সুইলপুর মৌজাটি দুর্গম এলাকা হওয়ায় শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা দল (এসএসএফ) পরিদর্শনের পর চূড়ান্তভাবে অনুষ্ঠানস্থল নির্বাচন করবে।
এদিকে সফরটি সফল করতে রাজনৈতিক মহলেও তোড়জোড় শুরু হয়েছে। এ বিষয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী জানান, শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাতে এবং অনুষ্ঠানটি সফল করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছেন।
ভিওডি বাংলা/এফএ







