কনটেন্ট ক্রিয়েটরদের যে সুখবর দিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে তরুণ উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে সরকার। এছাড়া কনটেন্ট ক্রিয়েটরদের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ আছে।
মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের তৃতীয় দিন প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুব ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। কম সুদে ঋণের ব্যবস্থা করা হচ্ছে।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিল, নারী উদ্যোক্তা তৈরি, নারী উন্নয়ন, ও তরুণ উদ্যোক্তা তৈরিতে প্রস্তাবিত বরাদ্দ মোট ৪০০ কোটি টাকা থাকছে বলে জানান তিনি। আরও জানান, স্টার্টআপ ফান্ড নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এখান থেকে ৪ শতাংশ সুদে তরুণরা ঋণ পাবেন।
সরকারের বাস্তবায়িত প্রকল্প নিয়ে অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার সারা দেশে সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বাড়িয়েছে। এখন পর্যন্ত সরকার ১৩ লাখ ১৭ হাজার কৃষককে ঋণ মওকুফের আওতায় এনেছে। এ বিষয়ে সরকার এখন পর্যন্ত ১ হাজার ৫৭০ কোটি টাকার তহবিল গঠন করেছে।
আমির খসরু বলেন, কনটেন্ট ক্রিয়েটরদের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ আছে। আসছে বাজেটে বিষয়টি ভালো প্রাধান্য পাবে।
অর্থমন্ত্রী বলেন, সরকারের প্রধান কর্মসূচির মধ্যে অন্যতম হলো কর্মসংস্থান তৈরি। এটা দূর করতে অন্যতম উপায় হচ্ছে দক্ষতা উন্নয়ন। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করবে সরকার। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোকেশনাল স্কুলগুলোর পাশাপাশি তরুণদের স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করবে সরকার।
তরুণদের ঋণদানের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সহজ সর্তে ও স্বল্প সুদে (৭ শতাংশ সুদে) ৭ থেকে ৩৫ লাখ টাকা তরুণদের ঋণের ব্যবস্থা করা হয়েছে।
দেশের শেয়ারবাজার অত্যন্ত খারাপ অবস্থানে আছে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, ক্যাপিটাল মার্কেটকে গতিশীল করতে সব ধরনের সংস্কার করবে সরকার।
ভিওডি বাংলা/এফএ







