আরেফের হত্যাকারীকে ‘জুলাই শহীদ’ তালিকায় অন্তর্ভুক্তি করায় নিন্দা জাসদের

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় বীর কাজী আরেফ আহমেদের হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাখের আলী ওরফে কবির হোসেনের নাম ‘জুলাই শহীদ’ তালিকায় অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার (৯ জুন) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে দলটি দাবি করে, কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতাকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাখের আলী ওরফে কবির হোসেনের নাম জুলাই শহীদ তালিকার ২০৪ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাসদের মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে একজন দণ্ডিত খুনিকে সামাজিক ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করার চেষ্টা করা হয়েছে।
দলটির ভাষ্য অনুযায়ী, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাশপুরে এক জনসভায় কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতাকে হত্যার পেছনে যে শক্তি কাজ করেছিল, সেই একই আদর্শিক ধারার শক্তি ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহেও সক্রিয় ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, কোটা আন্দোলনের আড়ালে ২০২৪ সালে দেশে একটি ‘রেজিম চেঞ্জ অপারেশন’ পরিচালিত হয়েছে বলে তাদের বিশ্বাস। একই সঙ্গে জাসদ অভিযোগ করে, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ৫ আগস্টের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করে নিজেদের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে।
জাসদ আরও দাবি করে, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে দুর্বল করার পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিবৃতিতে বিশেষভাবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করা হয়।
দলটি মনে করে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে শহীদের মর্যাদা দেওয়া মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। এ ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করা হয়।
বিবৃতির শেষে জাসদ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, খুনিদের মহিমান্বিতকরণ এবং স্বাধীনতার চেতনাবিরোধী রাজনীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে বিতর্কিত অন্তর্ভুক্তি পুনর্বিবেচনারও দাবি জানায় দলটি।
ভিওডি বাংলা/জা







