ঈদুল আজহা
সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা সংশোধন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধনী এনেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৪ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক সংশোধনী প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহার ছুটির তালিকায় সংশোধন আনা হয়েছে। তবে মোট ছুটি অপরিবর্তিত রয়েছে।
সংশোধিত তালিকা অনুযায়ী, ঈদের ছুটি ২২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। এর আগে প্রকাশিত প্রজ্ঞাপনে ছুটির সময় নির্ধারণ করা হয়েছিল ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত।
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর প্রকাশিত তালিকায় কলেজ পর্যায়ে ২৪ মে থেকে ছুটি শুরুর কথা উল্লেখ ছিল। সংশোধিত তালিকায় ছুটি দুই দিন এগিয়ে এনে ২২ মে থেকে কার্যকর করা হয়েছে।
এদিকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার (২১ মে) শ্রেণিকক্ষের কার্যক্রম শেষ হয়েছে। পরদিন ২২ মে থেকে শুরু হয়েছে সাপ্তাহিক ছুটি, যা ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশের সঙ্গে যুক্ত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কার্যকর হয়েছে।
যদিও আনুষ্ঠানিক ছুটি ২৪ মে থেকে গণনা করা হয়েছে, তবে ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেষ ক্লাস বা কর্মদিবস ছিল ২১ মে।
এছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে নিয়মিত পাঠদান শুরু হবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের টানা অবকাশ পাচ্ছে।
অন্যদিকে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটির মেয়াদ আরও দীর্ঘ। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোয় ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে শ্রেণিকক্ষের কার্যক্রম পুনরায় শুরু হবে। এর ফলে মাদ্রাসা শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাবেন।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে হওয়ায় এবার শিক্ষার্থীদের জন্য বছরের অন্যতম দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভিওডি বাংলা/এফএ







